লন্ডনে গানে গানে উদযাপিত হবে বাংলাদেশের স্বাধীনতা দিবস
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: ২৬ শে মার্চ বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস এবার গানে গানে উদযাপিত হবে বাঙালির মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসীদের বসবাসস্থল লন্ডনে।
সোমবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনে সাংবাদিকদের সাথে এক আলোচনায় এমন উদ্যোগের কথা জানিয়েছে অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘স্বাধীনতা মঞ্চ’।
সংগঠনটির পক্ষে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপনের অন্যতম দুই উদ্যোক্তা সংস্কৃতিকর্মী উর্মী মাজহার ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আনাস পাশা সাংবাদিকদের জানান, বাংলাদেশের রাজনৈতিক দলীয় গন্ডির বাইরে থেকে আমরা সাধারণ মানুষ সবাই মিলে বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতার দিনটি উদযাপন করতে চাই। ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে গানে গানে এই অনুষ্ঠান উদযাপিত হবে জানিয়ে উর্মী রহমান ও সৈয়দ আনাস পাশা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে সাম্প্রতিক সময়ে যে আগ্রাসী ষড়যন্ত্র চলছে, তা প্রতিরোধে বাঙালীর সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার আমরা স্মরণ করতে চাই, এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই গঠন করা হয়েছে স্বাধীনতা মঞ্চ। মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত যদি আমরা রুখতে না পারি, তাহলে আমাদের সংগ্রামী পূর্ব প্রজন্মের প্রতি অশ্রদ্ধা, অসম্মান প্রদর্শন করা হবে। ২৬শে মার্চ বিকেল ৬টায় রয়েল রিজেন্সি হলে উপস্থিত হয়ে গানে গানে স্বাধীনতা উৎসব উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার অবস্থান ঘোষণা করার জন্য তারা বিলেত প্রবাসী বাঙালিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।