বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের শ্রদ্ধার্ঘ্য

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক 
সত্যবাণী

লন্ডন: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা ২৬শে মার্চ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধে দেশের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যেসব বীর শহীদ তাঁদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাঁদেরকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে।

অনুষ্ঠানে ২৫শে মার্চ ১৯৭১ সালের সেই বিভীষিকাময় রাতের কথাও স্মরণ করা হয়, যখন পাকিস্তানি সেনাবাহিনী নির্মম সামরিক অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। এর পরপরই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, যা নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের সূচনা করে। দীর্ঘ সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে।

যুক্তরাজ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আলতাব আলী পার্কের শহীদ মিনারে একত্রিত হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যবৃন্দ।
শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মোহাম্মদ আবদুর রাকীব মাহফুজা রহমান, ইসমাইল হোসেন, মারুফ চৌধুরী, মেসবাহ উদ্দিন ইকো, নিলুফা ইয়াসমীন হাসান, এম কে মিলন, রীপা সুলতানা রাকিব, সৈয়দ হামিদুল হক, মাহারুন আহাম্মেদ মালা, মাহমুদা চৌধুরী , আব্দুল গফ্ফার এবং শাকির আহাম্মদ প্রমুখ।

ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের উপস্থিত সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

You might also like