পার্ক ও জনসমাগমস্থলে অসামাজিক মদ্যপান রোধে আরও তিন বছর বহাল থাকবে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের পার্ক ও উন্মুক্ত স্থানগুলো যাতে সবার জন্য নিরাপদ,পরিচ্ছন্ন ও আনন্দদায়ক পরিবেশ হিসেবে বজায় থাকে,তা নিশ্চিত করতে জনসমক্ষে অসামাজিক আচরণের সঙ্গে মদ্যপান নিষিদ্ধের নির্দেশের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।টাওয়ার হ্যামলেটসের সব পার্ক,উন্মুক্ত স্থান এবং জনসাধারণের ব্যবহারের জায়গায় ‘পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার’ (Public Spaces Protection Order বা PSPO) কার্যকর রয়েছে। এই নির্দেশনার আওতায় জনসমক্ষে মদ্যপান করে অসামাজিক আচরণ করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এনফোর্সমেন্ট অফিসার এবং পুলিশ।

এই আদেশ অনুযায়ী,কেউ মদ্যপানের কারণে অসামাজিক আচরণ করলে অথবা তাঁর আচরণ ও পরিস্থিতি বিবেচনায় তিনি অসামাজিক আচরণ করতে পারেন বলে যুক্তিসংগতভাবে মনে হলে,সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট অফিসার ও পুলিশ তাঁর কাছ থেকে অ্যালকোহল বা মদজাতীয় পানীয় জব্দ করতে পারবেন।এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো, জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানগুলোতে মদ্যপানের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা,হয়রানি ও অন্যান্য অসামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা,পরিবার,শিশু এবং দর্শনার্থীদের জন্য পার্ক ও অন্যান্য উন্মুক্ত স্থানগুলোকে নিরাপদ ও সবার উপভোগের উপযোগী রাখা।নির্দেশনার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর ফলে কাউন্সিল ও পুলিশ জনসমাগমপূর্ণ উন্মুক্ত স্থানগুলোতে অসামাজিক আচরণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখতে পারবে।

You might also like