পাবিপ্রবিতে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,হল সভাপতিকে ছুরিকাঘাত
নিউজ ডেস্ক
সত্যবাণী
পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক ‘হলের সিট দখলকে’ কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,“হলে ছাত্রদের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে,এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।তেমন কিছুই না,ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তেমন গুরুতর না।আহত ইমরানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতি।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান,হলের সিট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।এরই জেরে দুই পক্ষের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান আহত হন।পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।তবে ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন,এমন ঘটনার কথা শুনেছি,তবে আমি ছুটিতে আছি।তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনে পর থেকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সভায় সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।