অক্সফোর্ডে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সেমিনার: মানবাধিকার, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আহ্বান
আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী
লন্ডনঃ ১৩ জুলাই ২০২৬ সোমবার অক্সফোর্ডের লিওনার্ড উলফসন অডিটোরিয়াম, উলফসন কলেজ,ইউনিভার্সিটি অব অক্সফোর্ড–এ “বাংলাদেশ এট এ ডেমোক্রেটিক ক্রসরোড:হিউমান রাইটস,পলিটিকাল ইনক্লাজন এন্ড ডি ফিউচার অফ ডেমোক্রেটিক গভর্নেন্স”শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আয়োজক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স,কানাডা জানিয়েছে, সেমিনারে মানবাধিকার, রাজনৈতিক অন্তর্ভুক্তি,বিচার বিভাগের স্বাধীনতা ও শাসনব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হয়।শেষে শান্তিপূর্ণ সংলাপ,গণতান্ত্রিক জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্বের ওপর অংশগ্রহণকারীরা জোর দেন।
কীনোট বক্তৃতায় বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা সাজীব ওয়াজেদ জয় জাতিসংঘকে আহ্বান জানান তাদের রিপোর্টে উল্লেখ করা ১,৪০০টি ‘অভিযুক্ত হত্যা’র তালিকা প্রকাশ করতে।তিনি বলেন,পুরোপুরি স্বচ্ছতা ছাড়া বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি প্রতিষ্ঠা কঠিন।পাশাপাশি তিনি এমন নির্বাচনের সমালোচনা করেন যেখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে না।এদিকে ড. রায়হান রশিদ বলেন, টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক অন্তর্ভুক্তি ও সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি—এ কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। আর ড. নায়লা হক তার পিতা সাবেক প্রধান বিচারপতির দীর্ঘ কারাবাসের কথা তুলে ধরে তার তাৎক্ষণিক মুক্তি এবং আন্তর্জাতিক সমাজকে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন ইস্যুতেই বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।সুইডেনের অ্যাডভোকাট মোনা হাগ্গৌ স্ট্রিন্ডবার্গ সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরসহ কয়েকজনকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক রাখা হয়েছে বলে উল্লেখ করে মুক্তির দাবি জানান এবং যথাযথ প্রক্রিয়া,বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরেন।