জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ক নিউজ লেটার ‘নেট জিরো’র প্রকাশনা
নবায়নযোগ্য উৎসের দিকে দ্রুত ঝুঁকতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি এড়ানো কঠিন
কমিউনিটি করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: লন্ডনে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ সেমিনারে বক্তারা জোর দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় গ্রীন এনার্জি আর কোনো বিলাসিতা নয়—এটি এখন সময়ের দাবি, এক অনিবার্য বাস্তবতা। ‘এডভোকেসি ফর গ্রীন এনার্জি’ আয়োজিত এই সেমিনারে তাদের নতুন প্রকাশনা ‘নেট জিরো’র আত্মপ্রকাশ উপলক্ষে পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্রতর হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অস্বাভাবিক আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি—সবকিছুই মানবজাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ছাড়া আর কোনো টেকসই বিকল্প নেই।
তারা আরও উল্লেখ করেন, সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য উৎসের দিকে দ্রুত ঝুঁকতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি এড়ানো কঠিন হবে। ‘নেট জিরো’ প্রকাশনাটি নীতিনির্ধারক, গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সেমিনারে উপস্থিত বিশিষ্টজনরা বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র—সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু নীতিমালার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এবং গ্রীন এনার্জির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে নতুন এক দিগন্ত উন্মোচন করে।
শনিবার বিকেলে এডভোকেসি ফর গ্রীন এনার্জি’র কর্ণধার সৈয়দ আবু আকবর ইকবালের সভাপতিত্বে রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠিত ‘নেট জিরো’র এই প্রকাশনা অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রকিব। বক্তব্য রাখেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রেডব্রিজের বার্কিংসাইড ওয়ার্ডে লেবার দলীয় প্রার্থী সৈয়দা ফেরদৌসি পাশা, কাউন্সিলার সাঈদা চৌধুরী, কমিউনিটি নেতা মিসবাহ ইকো ও ইসমাইল হোসেন প্রমূখ।