নির্বাচনী ক‍্যাম্পেইনারদের সম্মানে রেডব্রিজের তিন কাউন্সিলারের নৈশভোজ

স্পেশাল করেসপন্ডেন্ট
সত‍্যবাণী

লন্ডন: সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার পর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক‍্যাম্পেইনার ও স্বেচ্ছাসেবকদের সম্মান জানাতে এক নৈশভোজের আয়োজন করেছেন লন্ডন বারা অব রেডব্রিজের বার্কিংসাইড ওয়ার্ডের নবনির্বাচিত লেবার দলীয় কাউন্সিলারবৃন্দ—মার্টিন শেকস, সৈয়দা ফেরদৌসী পাশা এবং হারমিন্দর বাল।

শুক্রবার (১২ জুন) বার্কিংসাইড এলাকার সিংগাম বে রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার সঙ্গে সম্পৃক্ত বিপুল সংখ্যক ক‍্যাম্পেইনার, দলীয় সমর্থক এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

তিন নির্বাচিত কাউন্সিলার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্থানীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ক‍্যাম্পেইনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার ফলেই নির্বাচনে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

নবনির্বাচিত কাউন্সিলাররা তাঁদের বক্তব্যে নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই বিজয় শুধু তিনজন কাউন্সিলারের নয়; বরং এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ এবং কঠোর পরিশ্রমের ফসল। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা সময়, শ্রম ও মেধা দিয়ে পাশে ছিলেন, তাঁদের সম্মান জানাতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।

কাউন্সিলাররা আরও বলেন, বার্কিংসাইড ওয়ার্ডের বাসিন্দাদের প্রত্যাশা পূরণে তাঁরা একযোগে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি ও কমিউনিটির কল্যাণে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নৈশভোজ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনী অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি স্থানীয় লেবার পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল ক‍্যাম্পেইনার ও স্বেচ্ছাসেবকদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও কমিউনিটির সেবায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

You might also like