‘মঞ্চ একাত্তর’ এর গোল টেবিলে হামলার নিন্দায় যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধারা
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: ঢাকায় ‘মঞ্চ একাত্তর’ আয়োজিত গোল টেবিল বৈঠকে হামলা ও বীর মুক্তিযোদ্ধাদের হেনস্তা করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধারা।
যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং লোকমান হোসেন প্রেরিত এক প্রতিবাদ বিবৃতিতে মুক্তিযোদ্ধারা বলেন-
‘আমরা যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে “মঞ্চ একাত্তর” আয়োজিত গোল টেবিল বৈঠকে মুক্তিযোদ্ধাদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধাদের দৈহিক ভাবে নাজেহাল এবং গলা চেপে ধরার দৃশ্য দেখতে হবে যা আমরা কোনদিন কল্পনাও করতে পারিনি । এই ন্যাক্কার জনক ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে একাত্তরের গৌরব গাঁথা মুঁছে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী চক্র উঠে পড়ে লেগেছে। সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট এই স্বাধীনতা বিরোধী চক্রকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার জন্য আমরা দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’