রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন কাউন্সিলার সাঈদা চৌধুরী
নিলুফা ইয়াসমীন হাসান
বার্তা সম্পাদক, সত্যবাণী
লন্ডন: পূর্ব লন্ডনের ‘লন্ডন বারা অব রেডব্রিজ’-এর নতুন ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলার সাঈদা চৌধুরী। গত ২০শে মে ২০২৬ তারিখে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। সাঈদা চৌধুরীর এই গৌরবময় অর্জন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সাঈদা চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত আছেন। রেডব্রিজ কাউন্সিলের গুডমেইস (Goodmayes) ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এলাকায় জনকল্যাণমূলক কাজ, বর্ণবাদ বিরোধী অবস্থান এবং কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য তিনি বেশ সমাদৃত।
ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাঈদা চৌধুরী রেডব্রিজ কাউন্সিলের সকল সহকর্মী এবং তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো রেডব্রিজ বরো এবং আমাদের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জয়। আমি অত্যন্ত নিষ্ঠার সাথে মেয়রকে তাঁর দায়িত্ব পালনে সহায়তা করবো এবং আমাদের বহুসাংস্কৃতিক সমাজের উন্নয়নে কাজ করে যাব।”
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাংলাদেশিরা আশা প্রকাশ করেছেন যে, সাঈদা চৌধুরী তার এই নতুন পদের মাধ্যমে রেডব্রিজের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত করতে এবং অভিবাসীদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখবেন।
সাঈদা চৌধুরীর এই নির্বাচন প্রমাণ করে যে, ব্রিটিশ রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশিরা তাদের মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে ক্রমশ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী অবস্থানে জায়গা করে নিচ্ছেন। আগামী এক বছর তিনি রেডব্রিজের ডেপুটি মেয়র হিসেবে মেয়রের পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক, সামাজিক ও চ্যারিটেবল অনুষ্ঠানে কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।
গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তিনি নিউবারি (Newbury) ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৫৮৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০২২ সালের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ব্রিজ (Bridge) ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার কাউন্সিলার নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি পেয়েছিলেন ১ হাজার ৪৭০ ভোট।
সাঈদা চৌধুরী দুই সন্তানের জননী। তাঁর স্বামী সিরাজুল বাছিত চৌধুরী পেশায় একজন শিক্ষক। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইন ইন দ্য ইউকে (DUAUK)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাঈদা চৌধুরী টেলিভিশনের উপস্থাপক, নৃত্য ও সংগীতশিল্পী, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার এমন বহু গুণের অধিকারী। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সরব পদচারণা।
লেবার পার্টির নেত্রী সাঈদা চৌধুরী দীর্ঘদিন ধরে পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলন, নারীর ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি এবং অভিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। রেডব্রিজ কাউন্সিলের নিউবারি ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলার নির্বাচিত হওয়া সাঈদা চৌধুরী সবসময়ই মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। এবার ডেপুটি মেয়রের আসনে ভূষিত হওয়ায় এলাকার শিক্ষা, আবাসন, পরিবেশ ও কমিউনিটি উন্নয়নে তিনি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

রেডব্রিজ বারা ইলফোর্ড, ওয়ানস্টেড ও বার্কিংসাইডসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত, যেখানে বিপুলসংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি ও দক্ষিণ এশীয় মানুষের বসবাস।
দায়িত্ব গ্রহণের পর কাউন্সিলর সাঈদা চৌধুরী তাঁর ভোটার, শুভাকাঙ্ক্ষী এবং লেবার পার্টির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি রেডব্রিজ বারাকে একটি নিরাপদ, বৈচিত্র্যময় ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, রেডব্রিজ কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির কাউন্সিলার বার্ট জোন্স, হাউজিং বিষয়ক কেবিনেট মেম্বার হয়েছেন কাউন্সিলার সৈয়দা সায়মা আহমেদ, চিলড্রেন এন্ড ইয়ং পিপল কমিটির চেয়ার হয়েছেন কাউন্সিলার সৈয়দা ফেরদৌসী পাশা।