লন্ডনে ‘এডভোকেসি ফর গ্রীণ এনার্জি’র সেমিনার
জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, গ্রীণ এনার্জি আর বিলাসিতা নয়, একটি অপরিহার্য সত্য
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: ’জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, গ্রীন এনার্জি আর বিলাসিতা নয় – এটি একটি অপরিহার্য সত্য’।
লন্ডনে ‘এডভোকেসি ফর গ্রীন এনার্জি’ আয়োজিত একটি সেমিনারে উপরোক্ত মন্তব্য করেছেন বক্তারা।
শনিবার ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটার হলে ‘এডভোকেসি ফর গ্রীন এনার্জি’র সংগঠক সৈয়দ জাফরের পরিচালনায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তা হিসেবে প্রেজেন্টেশন উত্তাপন করেন মনফোর্থ ইউনিভার্সিটির অধ্যাপক ড. পারভেজ হারিস এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ইলফোর্ড সাউথের এমপি জাজ আতওয়াল।
লন্ডন বারা অফ রেডব্রিজের পরিবেশ বিষয়ক লীড মেম্বার কাউন্সিলার জো ব্লাকম্যান তাঁর বক্তৃতায় পরিবেশ রক্ষায় তাঁদের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দকে।

‘এডভোকেসি ফর গ্রীন এনার্জি’র প্রধান সংগঠক সৈয়দ ইকবালের স্বাগত বক্তব্যের পর মূল আলোচক ড. পারভেজ হারিস তার প্রেজেন্টেশনে পরিবেশ বিপর্যয়ের কারনে প্রকৃতি ও মানবতা কিভাবে বিপর্যস্থ হচ্ছে তা বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষ পরিবেশ বিপর্যয়ের কারনে বেশি কষ্টভোগ করছে বলে মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাজ আতওয়াল এমপি বলেন, রাষ্ট্র বা অন্যরা কি করলো এমন প্রশ্ন না করে পরিবেশ রক্ষায় আমি কি করছি, ব্যক্তি পর্যায়ে যদি আমরা নিজেরা নিজেদের এই প্রশ্ন করি, তাহলেই এই সমস্যা মোকাবেলা আমাদের জন্য অনেক সহজ হয়।
এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় নিয়ে আসায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা যত বেশি জীবাশ্ম জ্বালানি পোড়াবো, তাপমাত্রা তত বাড়বে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তত বাড়বে। বিপরীতে, সৌর, বায়ু, জল এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তি কেবল কার্বন নির্গমন কমাবে না বরং পরিবেশগতভাবে টেকসই উন্নয়নের পথও প্রশস্ত করবে।

একটি পরিষ্কার গ্রহ, একটি নিরাপদ ভবিষ্যত এবং একটি স্থিতিস্থাপক অর্থনীতি – এই সবকিছুই সবুজ শক্তিতে দ্রুত রূপান্তরের উপর নির্ভর করে।
আলোচনা শেষে ছোট্ট শিশুরা পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি বিষয়ক সমবেত সঙ্গীত পরিবেশন করে।