সঙ্গীতের ঝংকারে লন্ডনে ‘হরাইজন’ গ্রুপের রঙিন শরৎ উৎসব
সৈয়দা ফেরদৌসি পাশা
ম্যানেজিং এডিটর, সত্যবাণী
লন্ডন: আকাশে শরতের সোনালি ছোঁয়ায় লন্ডনে সুরের ঝংকার ও ঢাকের তালে রঙিন হয়ে উঠলো শরৎ উৎসব। উৎসবের আয়োজক ছিলো বিলেতে বসবাসরত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সমন্বয়ে ২০২৫ সালে জন্ম নেয়া সংগঠন ‘হরাইজন ২৫’ । রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ইলফোর্ড লাইব্রেরী হলে এই উৎসব অনুষ্ঠিত হয়।
নিশিরাতের হালকা শীত আর সোনালি ভোরের আলো মিলে শরৎ যেন এসময় এই লন্ডনেও বাংলার গ্রামের আঙিনার মতো নীরব কবিতা হয়ে নেমেছিলো। উপস্থিত সুধীজন এসময় স্বপ্ন দেখছিলেন, বাংলার কাশবনের শুভ্র ঢেউ বাতাসে দুলে দুলে জানিয়ে দিচ্ছে উৎসবের আগমনী গান। পুকুরের জলে ভাসছে নীল আকাশের নির্মল ছায়া, দূরের ধানক্ষেতে সোনালি রোদ ঝিলমিল করে ওঠছে। উঠোনের আমড়া, পেয়ারা, নারকেল গাছগুলো সজীব হয়ে ওঠছে ঠাণ্ডা বাতাসে। গ্রামের পথ ধরে হাঁটার সময় ভেসে আসছে শিউলি ফুলের মিষ্টি গন্ধ, আর সকালের ধোঁয়া ওঠা চুলায় রান্নার ঘ্রাণ মনে করিয়ে দিচ্ছে আপন ঘরের শান্তি। শরৎ যেন উপস্থিত সবার গ্রামকে ছুঁয়ে দিচ্ছে এক অনাবিল প্রশান্তি দিয়ে—নিঃশব্দ, কোমল, আর পরম সুন্দর।

শরৎ উৎসব “সাদা মেঘের ভেলা” উৎসবকে ঘিরে বিকেল তিনটা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত ও আনন্দঘন একটি পরিবেশ ছিলো।
‘হরাইজন ২৫’ এর প্রতিষ্ঠাতা এরিনা সিদ্দিকী সুপ্রভা’র তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই উপদেষ্ঠা এমদাদ তালুকদার এম বি ই উপস্থিত সংস্কৃতি অনুরাগী ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান। শরৎ উৎসবে যোগ দেয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
দুই পর্বের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে ছিলো বিশিষ্টজনদের মতবিনিময়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রাক্তন প্রেসিডেন্ট ও লেখক শাহগীর বখ্ত ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী ইউ কে’র প্রেসিডেন্ট গোলাম মেস্তফা।অনুষ্ঠানে উপস্থিত থেকে টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের প্রাক্তন স্পিকার আহবাব হোসেইন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে’র সভাপতি সিরাজুল বাসিত কামরান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মোহাম্মাদ কামরুল হাসান ও এ্যডভোকেসি ফর গ্রিন এনার্জির সি ই ও সৈয়দ ইকবাল বক্তব্য প্রদান করেন।
বক্তারা সবাই হরাইজন ২৫’এর এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বিলেতে বাংলা সংস্কৃতি চর্চার একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মের সুযোগ তৈরী করতে পারার প্রত্যাশা ব্যাক্ত করেন।
দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান কবিতা দিয়ে সাঁজানো এ পর্বটি ছিলো উপস্থিত সাংস্কৃতিপ্রেমিদের জন্য মনকারা।”পথের পাঁচালী” উপন্যাসের বিখ্যাত গান নীল আকাশে সাদা মেঘের ভেলা ছিলো অনুষ্ঠানের থিম সং, পরিবেশন করেন জৈতা চৌধুরী।

সংগীতশিল্পী জুবায়ের চৌধুরি ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। কাঁজি কল্পনার নেতৃত্বে শিশুদের অংশগ্রহণে সংগীত উপস্থাপনাকে সবাই সাধুবাদ জানান। এছাড়াও হীরা কান্চণ হীরক, কাউন্সিলর সাঈদা চৌধুরী, সাঈদা তামান্না, তাহমিনা আক্তার শিপু, মুজিবুল হক মনি, অনামিকা মিঠু মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, হাফসা নূর ও মাহবুব মিঠু। নাচ পরিবেশন করে শিশুশিল্পী তাজজিব রহমান।
হরাইজন ২৫’ এ আয়োজনটির সর্বাঙ্গীন সার্থকতায় অকুণ্ঠ সমর্থন ও বহুবিধ মূল্যবান অবদানের জন্য সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এরিনা সিদ্দিকী সুপ্রভা। শরৎ উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ জাফর। অনুষ্ঠানে কিমিউনিটির বিশিষ্ঠজনদের মধ্যে উপস্হিত ছিলেন মাহফুজা রহমান, সৈয়দ আনাস পাশা, সৈয়দা ফেরদৌসি পাশা, কাউন্সিলর শাহিদ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে’র মোহাম্মাদ রাকিব, রীপা রাকিব, মিসবাহ উদ্দিন ইকো, মনির চৌধুরী, মাহমুদা চৌধুরী, বন্যা আহমেদ, কংকন কান্তি ঘোষ ও আরিফ শেখ।

সমাপনীতে হরাইজন ২৫’র প্রতিষ্ঠাতা ও আয়োজক সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠন আগামী বছরগুলোতে কমিউনিটির সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে নিরবচ্ছিন্ন নিরপেক্ষ সাংস্কৃতিক প্লাটফর্মে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।