স্কটিশ পার্লামেন্টে ‘সৌধ’র জন্য বিশেষ প্রস্তাব
মুহাম্মদ শাহেদ রাহমান
সত্যবাণী
বিশেষ প্রতিনিধি : ব্রিটেনে দক্ষিণ এশীয় শিল্পের শীর্ষস্থানীয় সংস্থা ‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিক’কে অভিনন্দন জানিয়ে স্কটিশ পার্লামেন্টে এক বিশেষ প্রস্তাব উত্থাপিত হয়েছে।গত বছর ১৮ ডিসেম্বর পার্লামেন্টে ‘সৌধ’র বিশেষ প্রযোজনা ‘রাইমস ফর রিভার এন্ড প্ল্যান্টিং পোয়েট্রি ইন পার্লামেন্ট’ শেষে এশিয়ান বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরী এই প্রস্তাব উত্থাপন করেন।এ বছর জানুয়ারির শুরুতে পার্লামেন্টের ওয়েবসাইটেও এই অভিনন্দন প্রস্তাব সংযুক্ত হলে একে সমর্থন ও স্বাগত জানান ১০ জন স্কটিশ সংসদ সদস্য; তারা হলেন: কলিন বেটি, মাইলস ব্রিগস, আনাবেল ইউয়িং, কেনেথ গিবসন, বিল কিড, ফুলটন ম্যাকগ্রাগর, এডওয়ার্ড মাউন্টেইন, পল সুইনি, মার্সিডিজ ভিল্লাভা, টেস হোয়াইট।শুক্রবার (৩০ জানুয়ারি) সৌধ’র যুগ্ম-প্রতিষ্ঠাতা কবি টি এম আহমেদ কায়সার যুক্তরাজ্যে মুঠোফোনে ঢাকা পোস্টকে জানান- এই বিরল প্রাপ্তিকে সৌধের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।এই প্রস্তাবকে বছরের শুরুতেই ‘এক মাইলফলক অর্জন’ হিসাবে অভিহিত করেন তিনি।তিনি বলেন- সৌধ’ পৃথিবীর বিভিন্ন বর্ণের ও সাংস্কৃতিক ঐতিহ্যের শিল্প-পিপাসু মানুষের কাছে পৌঁছাতে বিশ্বের বিচিত্র সব শিল্পের নিরীক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে আসছে।
২০১১ সালে কবি টি এম আহমেদ কায়সার ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী মিলে ‘সৌধ’ প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠার পর থেকেই বিচিত্র সব শিল্প-সমবায়ী প্রকল্প ও উচ্চমানসম্পন্ন উপস্থাপনার কারণে ‘সৌধ’ ব্রিটেনের মূলধারার শিল্পাঙ্গনে ব্যাপক পরিচিতি পায় এবং দক্ষিণ এশীয় দর্শকদের পাশাপাশি গোটা ব্রিটেন জুড়ে ‘সৌধ’ বিপুল অভারতীয় দর্শকও তৈরি করে।গত বছর ডিসেম্বরে স্কটিশ পার্লামেন্টে ‘রাইমস ফর রিভার এন্ড প্ল্যানটিং পোয়েট্রি ইন পার্লামেন্ট’ অনুষ্ঠানে সংগীত ও কবিতা পরিবেশনায় অংশ নেন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীতশিল্পী অনুসূয়া পাল, কবি টি এম আহমেদ কায়সার, কবি মেধা সিং ও স্প্যানিশ কবি নাজারেথ রানিয়া।