প্রবীন জননেতা সুলতান শরীফ হাসপাতালে
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: মুক্তিযুদ্ধের প্রবাসী শীর্ষ সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রবীন জননেতা সুলতান শরীফ গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। ৮৫ বছর বয়সী এই প্রবীন রাজনীতিক দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
হাসপাতালে স্থানান্তরিত হওয়ার আগে নিয়মিত তাঁর কিডনী ডায়ালাইসিস করা হতো। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি, সারাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের খবরে অসুস্থ শরীর নিয়েও এর বিরুদ্ধে লন্ডনের রাজপথে নামেন মুক্তিযুদ্ধের প্রবীন এই সংগঠক। দেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের হত্যা নির্যাতনের খবরে অনেকটা মানষিক কষ্ট নিয়েও নিয়মিত তিনি প্রতিবাদ সমাবেশ ও ক্যাম্পেইন করে যাচ্ছিলেন। বিরামহীন এই ক্যাম্পেইনের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। শারিরীক অবস্থার দ্রুত অবণতি হলে তাঁকে লন্ডনের কিংস কলেজ ক্যাম্বারওয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার শারিরীক অবস্থার খোঁজ নিতে তাঁকে ফোন করলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘৮৫ বছর বয়স আমার, এ বয়সে আমার অসুস্থতায় কিছু আসে যায়না। আমার মাতৃভূমি আজ অসুস্থ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার দেশ আজ পরাজিত শক্তির কবলে, তাদের আক্রমনে ক্ষতবিক্ষত। সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশান্তরী করা হয়েছে। আমিতো রাজপথের মানুষ, আন্দোলন সংগ্রাম করেই সারাটাজীবন পার করেছি। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কবলে মাতৃভূমি যখন ক্ষতবিক্ষত, জাতির জনকের সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী যখন হায়েনাদের হত্যা নির্যাতনের শিকার ঠিক সেই সময় অসুস্থতার কারনে হাসপাতালে আমি বন্দি, এটিই আমার আফসোস।’ সত্যবাণীর মাধ্যমে দেশবাসী ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশীদের কাছে দোয়া চেয়ে সুলতান শরীফ বলেন, ‘জীবন সীমা যদি আরও কিছুদিন অবশিষ্ট থেকে থাকে, তাহলে সুস্থ শরীরে যেন হায়নাদের কবল থেকে দেশউদ্ধারে সেই সময়টা কাজে লাগাতে পারি এই দোয়াই চাই সবার কাছে’।