শিকড় ও সংস্কৃতির প্রতি অনুরাগ লজ্জার নয়, গর্বের: রূপা চক্রবর্তী

স্পেশাল করেসপন্ডেন্ট
সত‍্যবাণী

লন্ডনঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিশিল্পী, শিক্ষাবিদ ও বাংলা ভাষা-গবেষক রূপা চক্রবর্তী বলেছেন, “নিজের শিকড়, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ কোনো সংকীর্ণতা নয়; বরং সেটিই একজন মানুষের পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল অলংকার। শিকড়ের প্রতি দুর্বলতা লজ্জার নয়, গর্বের। যে মানুষ নিজের ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ধারণ করতে পারে, সে-ই প্রকৃত অর্থে বিশ্বনাগরিক হয়ে উঠতে পারে।”

সোমবার লন্ডনে তাঁর দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে এক আন্তরিক আড্ডায় তিনি এসব কথা বলেন। বিলেতের স্বনামধন্য আবৃত্তিকার মুনিরা পারভিন-এর পরিচালনায় অনলাইন সংবাদমাধ্যম ‘ব্রিকলেন’-এর কার্যালয়ে আয়োজিত এ মিলনমেলায় উপস্থিত ছিলেন সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা, যাঁরা যুক্তরাজ্যে অবস্থানকালে রূপা চক্রবর্তীর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহযাত্রী ছিলেন।
অনানুষ্ঠানিক হলেও প্রাণবন্ত এই আড্ডায় স্মৃতি, সংস্কৃতি, সমাজ ও সময়ের নানা প্রসঙ্গ উঠে আসে। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা বিভাগের প্রধান ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকারী রূপা চক্রবর্তী বলেন, ভাষা শিক্ষা কখনোই কেবল শব্দ শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবনযাপন ও মানবিক মূল্যবোধ।

 

তিনি বলেন, “আমি আমার বিদেশি শিক্ষার্থীদের শুধু বাংলা ভাষা শেখাই না; তাদের বাংলা সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ও জীবনধারার সঙ্গেও পরিচিত করার চেষ্টা করি। আমি সবসময় বলি, বিশ্বের যে অঞ্চলেই ভ্রমণে যাও না কেন, সেই অঞ্চলের সংস্কৃতিকে সম্মান করতে শেখো, তাদের খাবার, পোশাক ও জীবনযাত্রাকে জানার চেষ্টা করো। এতে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পায়।”
তিনি আরও বলেন, “ঘৃণা কখনো শান্তির পথ দেখাতে পারে না। ধর্ম, বর্ণ ও জাতিগত বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধই একটি সুন্দর, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণের ভিত্তি।”
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। রূপা চক্রবর্তী বলেন, “অধিকার আদায়ের সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়েই আমরা অর্জন করেছি স্বাধীনতা এবং বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার সর্বশ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে রক্ষা করতে হলে তার ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কাহিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে।”
তিনি বলেন, “যে জাতি তার সংগ্রামের ইতিহাস ভুলে যায়, সে জাতি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি হারিয়ে ফেলে। তাই মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।”
আড্ডাটি একসময় পরিণত হয় স্মৃতি, সংস্কৃতি ও স্বপ্নময় ভবিষ্যৎ নিয়ে এক উন্মুক্ত ভাববিনিময়ে। সেখানে উপস্থিত বক্তারা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক পরিচয় ও মূল্যবোধ জাগ্রত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  প্রবীন সাংবাদিক ও লেখক হামিদ মোহাম্মদ, সাংবাদিক ও সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মী মাজহার, সৈয়দ এনামুল ইসলাম, সংস্কৃতিকর্মী মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, শতরূপা চৌধুরী এবং মাহমুদুর রহমান শানুরসহ বিশিষ্টজনেরা।

You might also like