ব্যাতিক্রমী রবীন্দ্র সন্ধ্যায় ‘গীতবীণা’র আত্মপ্রকাশ
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: একটি ব্যতিক্রমী রবীন্দ্র সন্ধ্যায় লন্ডনে আত্মপ্রকাশ করেছে রবীন্দ্রচর্চা বিষয়ক সংগঠন ‘গীতবীণা’।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসকে উপলক্ষ করে মঙ্গলবার ১৯শে আগষ্ট পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে সংস্কৃতিপ্রেমি ও বিশিষ্টজনের উপস্থিতিতে লন্ডনের তিন রবীন্দ্রসংগীত শিল্পী সুনিতা চৌধুরী, মিতালী বনোয়ারী ও রুমি হকের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটে ‘গীতবীণা’র। নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এই তিন শিল্পী নিজেদের রবীন্দ্র সুরের মুর্চনায় দীর্ঘ কয়েকঘন্টা মোহাবিষ্ট করে রেখেছিলেন হলভর্তী দর্শক স্রোতাদের। তাঁদের অভিভাবকত্বে ছিলেন তাঁদের সংগীত গুরু রবীন্দ্রসংগীত শিল্পী ড. শ্যামল চৌধুরী।

‘গীতবীণা’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের তিন খ্যাতিমান ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনসুরা বেগমকে। ‘গীতবীণা’র পক্ষ থেকে গুণিজনদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
সম্মাননা গ্রহণ করে গুণিজনরা বলেন, একটি ফুল মানে একটি ভাল কাজ। আমরা যদি ভাল কাজ, সৃজনশীল কাজ করে যেতে পারি প্রতিদিন, তাহলে মনে করতে হবে একটি ফুল ফুটানো গেল।
লন্ডনে এই প্রবাস জীবনে থেকে সংস্কৃতিচর্চা চালিয়ে যাওয়া সহজ কথা নয়, যারা করছেন তাদের প্রতি আমাদের হৃদিক ভালোবাসা।
বক্তারা আরো বলেন- বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধান্জলি, গুণিজন সম্মাননা ও ‘গীতবীণা’র শুভযাত্রায় অভিনন্দন। তাদের মুক্তবুদ্ধির চর্চা হোক দীর্ঘস্থায়ী।
মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘গীতবীণা’র উপদেষ্ঠা, ‘স্বদেশ বিদেশ’ সম্পাদক বাতিরুল হক সরদার।
অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন- রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনসুরা বেগম, মোস্তফা কামাল মিলন ও ডক্টর শ্যামল চৌধুরী। তবলায় ছিলেন সুদর্শন দাস ও কীবোর্ডে অমিত দে।
গীতবীণা বিষয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আবু মুসা হাসান, বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ বদরুল আহসান, মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান এমবিই ও সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা প্রমূখ।