সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লাভ ইয়োর সামার অব ফান ২০২৬ কর্মসূচির শেষ দুই সপ্তাহে শিশু,তরুণ এবং পরিবারের জন্য থাকছে শতাধিক ফ্রিকার্যক্রম। সেপ্টেম্বর মাসের পয়লা সপ্তাহ পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে বারার বাসিন্দারা খেলাধুলা, সৃজনশীল কার্যক্রম,পাঠ্যাভ্যাস,কমিউনিটি ইভেন্ট এবং উন্মুক্ত আয়োজনের মাধ্যমে গ্রীষ্মকালকে উপভোগ করার সুযোগ পাবেন।কর্মসূচির অন্যতম আকর্ষণ ফ্যামিলি ফান ডে,যা অনুষ্ঠিত হবে শুক্রবার,২৮ আগস্ট,সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত,হোয়াইটহর্স ওপেন স্পেসে।দিনের আয়োজনে থাকবে খেলাধুলা,আর্টস অ্যান্ড ক্রাফটস,সফট প্লে,স্মুদি বাইক এবং পরিবারের সব সদস্যের জন্য নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম।
গ্রীষ্মের বাকি সময়জুড়ে পরিবারগুলো ভিক্টোরিয়া পার্ক স্প্ল্যাশ পুল-এ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে জলকেলি উপভোগ করতে পারবেন। স্প্ল্যাশ পুলটি ৩১ আগস্ট পর্যন্ত খোলা থাকবে এবং এটি গরমের দিনে শিশু ও পরিবারের জন্য অন্যতম জনপ্রিয় আকর্ষণ।এছাড়া হোয়াইটহর্স অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে আগস্ট মাসজুড়ে বিভিন্ন দিনে বিনামূল্যের স্পোর্টস, আর্টস অ্যান্ড ক্রাফটস কার্যক্রম চলবে। একই সঙ্গে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে সামার রিডিং চ্যালেঞ্জ, লেগো বিল্ড দ্য চেঞ্জ কর্মসূচি, সৃজনশীল কর্মশালা এবং শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।তরুণদের জন্যও রয়েছে নানা সুযোগ।বারার বিভিন্ন ইয়ুথ সেন্টার বা যুবকেন্দ্রে আগস্টের শেষ পর্যন্ত উন্মুক্ত যুব সেশন,খেলাধুলা,গেমস,কর্মশালা এবং সামাজিক কার্যক্রম পরিচালিত হবে,যেখানে তরুণরা নিরাপদ ও ইতিবাচক পরিবেশে অংশ নিতে পারবে।
লেজার,কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন,“সামার অব ফান হচ্ছে মানুষকে একত্রিত করা,আমাদের অসাধারণ উন্মুক্ত স্থানগুলোকে উদযাপন করা এবং টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার আরও কারণ আবিষ্কার করার একটি সুযোগ।পারিবারিক ফান ডে,যুব কার্যক্রম,রিডিং চ্যালেঞ্জ এবং কমিউনিটি ইভেন্টসহ সবার জন্য কিছু না কিছু রয়েছে।বিস্তারিত কার্যক্রম ও সময়সূচি কাউন্সিলের Summer Activities ওয়েবপেজে পাওয়া যাবে।